যুক্তরাষ্ট্রে বেবী নাজনীনের গজল সন্ধ্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে দেশ-বিদেশে ব্যাপক খ্যাতি রয়েছে যার, তিনি গানের পাখি বেবী নাজনীন। বহুমাত্রিক গানে অবাধ বিচরণকারী জনপ্রিয় এই তারকাকে নিয়ে আগামী ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে একটি বিশেষ গজল সন্ধ্যা। বাংলাদেশের কোনো সংগীত তারকাকে ঘিরে বিদেশের মাটিতে এমন আয়োজন এবারই প্রথম। ‘সাম ই গজল’ (গজল সন্ধ্যা) শিরোনামে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র প্রবাসী ইভেন্ট অরগানাইজার আলমগীর খান আলম শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজন করতে যাচ্ছেন সংগীত তারকা বেবী নাজনীনের একক গজল সন্ধ্যা ‘সাম ই গজল’। এটি একটি ভিন্নমাত্রার আয়োজন। ভার্সেটাইল সিঙ্গার বেবী নাজনীনের একক গজল সন্ধ্যা। আমেরিকায় বাংলাদেশি কোনো সংগীত তারকার গজল সন্ধ্যা এটাই প্রথম বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এবার সরাসরি বেবী নাজনীনের গজল উপভোগ করতে পারবেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দর্শক। ইতিমধ্যেই এই আয়োজনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শুরু হয়েছে টিকিট বিক্রি। জ্যাকসন হাইটসের বেলোজিনোতে এই গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বেবী নাজনীন বলেন, ‘প্রায় ৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজল সন্ধ্যা। ৯০ দশকের শুরুতে হওয়া সেই গজল সন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের অনেক অনুষ্ঠানেই গজল পরিবেশনা করেছি। কোন গান কোথায় গাইব, এটা আসলে নির্ভর করে কোন ধরনের গানের শ্রোতার সামনে আমি উপস্থিত রয়েছি। তবে বাংলা গান গাইতে গাইতে অনেক স্টেজেই আমি হিন্দি-উর্দু গান ও গজল করেছি দর্শকদের অনুরোধে। তবে এবারের আয়োজনটি শুধু গজলকে কেন্দ্র করেই। যে কারণে এবারের প্রস্তুতিটাও নিতে হচ্ছে একটু ভিন্নভাবে। সব মিলিয়ে এটি একটি সুন্দর অনুষ্ঠান হবে বলে আশাবাদী আমি। আলমকে ধন্যবাদ। বিদেশের মাটিতে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য।’ বহু বছর ধরে আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশি শীর্ষ সংগীত তারকা, চলচ্চিত্র ও টেলিভিশনের তারকাশিল্পীদের নিয়ে শো টাইম মিউজিক বড়ো বড়ো ইভেন্ট করে আসছে। বলা যায়, বড়ো অনুষ্ঠানগুলো সফলভাবে আয়োজন করার খ্যাতি রয়েছে তার। গত ২০ ডিসেম্বর শো টাইম মিউজিক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের অন্যতম প্রধান সংগীত তারকা এ্যান্ড্রু কিশোরের চিকিত্সা সহয়তার লক্ষ্যে একটি চ্যারিটি শোয়ের আয়োজন করে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। যেখানে বেবী নাজনীনই ছিলেন প্রধান আকর্ষণ। এছাড়া প্রবাসে উদীয়মান বাংলাদেশি প্রায় ৪০ জন তরুণ শিল্পীও অংশ নেন শোতে। এই অনুষ্ঠান থেকে পাওয়া ২৫ লক্ষ টাকা এ্যান্ড্রু কিশোরের চিকিত্সার জন্য দেওয়া হয়েছে।