‘শিল্প সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছরপূর্তি উত্সব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে ৫ দিনব্যাপী উত্সব অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের খ্যাতনামা কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন। উত্সবের উদ্বোধন করেন সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। পরিষদের সভাপতি খ্যাতনামা সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনারুঘাটের মেয়র নাজিম উদ্দিন ও পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুত্ রঞ্জন পাল। পরে আসাম ও ত্রিপুরা এবং স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উত্সবের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক কবি মুস্তাফিজ শফি। কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি জুয়েল মাজহার। অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। পরে স্থানীয় ও ত্রিপুরার অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উত্সবের তৃতীয় দিন ‘বাংলার সিনেমা, বাংলার গান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার। অধ্যক্ষ অসিত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জোহরা গাজী। উত্সবের চতুর্থ দিন ছিল শিশু সমাবেশ, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, নাটক ও গণসংগীত। অংশগ্রহণ করেন স্থানীয় ও ভারতের শিলচর থেকে আগত অতিথি শিল্পীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন অভিনেতা পরিচালক ও নির্মাতা আফজাল হোসেন, অনিরুদ্ধ ধর শান্তনু প্রমুখ। শেষদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। পরে নাটক ও সংগীত পরিবেশিত হয়। প্রতিদিন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা উত্সবের বিভিন্ন পর্ব উপভোগ করেন।
