পণ্যের মান সনদের ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২৩

আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাক্রেডিটেশন বা মান সনদ প্রদানের ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। এর অংশ হিসেবে বাংলাদেশে স্থাপিত দেশীয় ও বহুজাতিক মেডিক্যাল ল্যাবরেটরি এবং মান পরিদর্শন সংস্থার (ইন্সপেকশন বডি) অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে। একই সাথে বিএবি বর্তমানে টেস্টিং ও ক্যালিব্রেশনের ক্ষেত্রে যে সনদ প্রদান করছে, তাও বলবত্ রাখা হবে।

বাংলাদেশ সফররত এশিয়া-প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (এপলাক) দুই সদস্যের মূল্যায়ন প্রতিনিধি দল গতকাল সোমবার ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সাথে সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিএবি’র আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জনে এপলাকের সহায়তা কামনা করেন। এ সময় বিএবি’র মহাপরিচালক মোঃ মনোয়ারুল ইসলাম, প্রতিনিধি দলের প্রধান ও স্ট্যান্ডার্স মালয়েশিয়ার অ্যাক্রেডিটেশন বিষয়ক পরিচালক শাহরুল সাদরী বিন আলভী, ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিশেন নিউজিল্যান্ডের ব্যবস্থাপক জেফরি ডেভিড হালামসহ বিএবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে বিএবি মেডিক্যাল ল্যাবরেটরি এবং মান পরিদর্শন সংস্থার (ইন্সপেকশন বডি) অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বিএবি’র সক্ষমতা যাচাইয়ের জন্য এপলাক মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ প্রতিনিধি দল বিএবি এবং সংস্থাটির অ্যাক্রেডিটেশন প্রাপ্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে এপলাক কাউন্সিল সভায় প্রতিবেদন উপস্থাপন করবে। এ প্রতিবেদনের ভিত্তিতে উল্লিখিত দুটি ক্ষেত্রে বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে।