উচ্চ পর্যায়ের ৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে চার জন নির্বাহী পরিচালক এবং পাঁচ জন মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদ খালিসাপেক্ষে নিচের প্রতিটি ধাপেও একই হারে পদোন্নতি পেয়েছেন কর্মকর্তারা। গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের আলাদা আদেশে এসব কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়।
মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মো. সুলতান মাসুদ আহাম্মদ। প্রধান কার্যালয়ের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে তাকে রাজশাহী অফিসে পদায়ন করা হয়েছে। মো. আওলাদ হোসেন চৌধুরীকে মতিঝিল অফিস থেকে পাঠানো হয়েছে বরিশাল অফিসে। গভর্নর সচিবালয়ের মোসা. নাহিদা বেগমকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়েই রাখা হয়েছে। আর গভর্নর সচিবালয়ের ড. মো. হাবিবুর রহমানকে (গবেষণা) পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের মনিটরি পলিসি ও চিফ ইকনোমিস্ট ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডের তিন কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে মানবসম্পদ বিভাগে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে। এরা হলেন—প্রধান কার্যালয়ের ডেট ম্যানেজমেন্ট বিভাগের রূপ রতন পাইন, অফ-সাইট সুপারভিশন বিভাগের মো. সিরাজুল ইসলাম ও ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর মনোজ কুমার হাওলাদার। গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক রোকেয়া খাতুনকে (গবেষণা) পদোন্নতি দিয়ে একই বিভাগে বহাল করা হয়েছে। গবেষণা বিভাগের লাইব্রেরিতে কর্মরত তাসনিম ফাতেমাকে (এক্স ক্যাডার) একই বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বহাল রাখা হয়েছে।
