বিশ্ব আর্চারির ২০১৯ সালের সেরা খেলোয়াড় হবার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন রোমান সানা। উদীয়মান তিরন্দাজ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়ও আছেন বাংলাদেশ আনসারের এই খেলোয়াড়। বাংলাদেশ আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডেরিখ আছেন সেরা কোচ হওয়ার দৌড়ে।
সম্প্রতি বিশ্ব আর্চারি বিদায়ী বছরের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। পুরো জানুয়ারিজুড়ে অনলাইনে চলবে পাবলিক ভোটিং। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি ইনডোর আর্চারি ওয়ার্ল্ড সিরিজের শুরুতে আসবে সেরার ঘোষণা।
গেলো বছরের জুনে নেদারল্যান্ডসে আর্চারি বিশ্বকাপের রিকার্ভ একক বিভাগের ব্রোঞ্জ ফাইনালে মাউরো নেসপোলিকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতেন সানা। ফলে প্রথম বাংলাদেশি তিরন্দাজ হিসেবে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।
এর আগে পরে মহাদেশীয় ও আঞ্চলিক পর্যায়ের টুর্নামেন্টেও সাফল্য এসে ধরা দিয়েছে বাংলাদেশি এই তিরন্দাজের কাছে। আগস্টে ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন তিনি। বছর শেষের এসএ গেমসে বাংলাদেশ আর্চারি দলের ১০ সোনা জয়েও সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন সানা।
এমন নৈপুণ্য গত বছরই বিশ্ব আর্চারি র্যাংকিংয়ের সেরা দশে নিয়ে এসেছিল তাকে। এবার বিশ্ব আর্চারির ২০১৯ সালের রিকার্ভ বিভাগে সেরা তিরন্দাজ হওয়ার দৌড়ে ঢুকে গেছেন তিনি। একই কারণে গেলো বছরের সেরা উদীয়মানের সংক্ষিপ্ত তালিকায়ও রাখা হয়েছে তাকে। দলীয়ভাবেও গত বারো মাসে সোনায় মোড়ানো সময় পার করেছে বাংলাদেশ। এসএ গেমসে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টের সবকটিতে সোনাজয়ের আগে এশিয়া কাপ আর্চারিতে রূপা জিতেছিলেন সানা-হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলামরা।
দল হিসেবে বাংলাদেশের বদলে যাওয়ার শুরুটা হয়েছিল কোচ মার্টিন ফ্রেডেরিখের হাত ধরেই। দলের সাফল্যে এবার তার স্বীকৃতি পেতে যাচ্ছেন জার্মান এই কোচ। বিশ্বসেরা আর্চারি কোচ হবার সংক্ষিপ্ত তালিকায় আছেন ফ্রেডেরিখ। তবে তার আগে আমজনতার ভোট প্রয়োজন সানা-ফ্রেডেরিখের। জানুয়ারির পুরোটা জুড়ে তাদের ভোট দেওয়া যাবে বিশ্ব আর্চারির ওয়েবসাইটে।
