নিজেদের মাঠে উপভোগের আশা সিলেটের

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৩৫

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্ব ঢাকায় শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে টুর্নামেন্টের চতুর্থ পর্ব শুরু হবে নতুন শহরে। নতুন বছরের শুরুতে চায়ের দেশ, পুণ্যভূমি সিলেটে মাঠে গড়াচ্ছে বিপিএল। বিরতিহীন টানা তিন দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ছয়টি ম্যাচ। তারপর আগামী ৭ জানুয়ারি আবার ঢাকায় ফেরবে বিপিএল।

টুর্নামেন্টের গত আসরের পর সিলেট স্টেডিয়ামের সংস্কার কাজ হয়েছে বিস্তর। বিশেষ করে মাঠের ঘাস তুলে ফেলা হয়েছিল। বারমুডা ঘাসের নতুন বীজ বপনের পর তিন মাস অতিবাহিত হয়েছে। উইকেট ঠিক থাকলেও নতুন সবুজ ঘাসের গালিচায় অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। অতীতের মতোই সিলেটে রানের জোয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। সন্ধ্যার পর কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। হোম ভেন্যুতে খেলতে নামার আগেই অবশ্য টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে পড়েছে সিলেটের দলটি।

আট ম্যাচের সাতটিতেই হেরেছে মোসাদ্দেক হোসেনের দল। হোম ভেন্যুতে তিন দিনই ম্যাচ খেলবেন মিঠুন-এবাদতরা। শেষ দুই দিনে রংপুর ও রাজশাহীর বিরুদ্ধে লড়বে সিলেট।  প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে পড়লেও ঘরের মাঠে দর্শকদের বিনোদন দিতে চায় সিলেট। নতুন বছরে স্থানীয় দর্শকের প্রেরণায় সেরাটা দেখানোর আশা দলটির। কোচ হার্শেল গিবস গতকাল বলেছেন, প্লে-অফের চাপ নেই বলে ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতি দেখতে চান তিনি।

গতকাল সংবাদ মাধ্যমকে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘অবশ্যই আমরা এখন আর প্লে-অফে খেলতে পারব না। কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ ঠিকই আছে। আমি গতকাল রাতে ওদের বলেছি, নতুন বছর এসেছে। শারীরিক, মানসিক ও টেকনিক্যাল, খেলার সব দিকে উন্নতি করতে হবে এক জন ক্রিকেটার হিসেবে। সামনে তাকিয়ে এটিই দলের কাছে আমার প্রথম চাওয়া।’

গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে হার্শেল গিবসের শিষ্যরা। অবশ্য গতকাল অনুশীলন করেননি নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক। ঢাকায় শেষ ম্যাচে কাঁধে ব্যথা পেয়েছিলেন তিনি।

তিন পর্ব শেষে বিপিএলে পয়েন্ট তালিকার তলানীতে সিলেটের অবস্থান। ৯ ম্যাচে ৬টি জয় নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫টি করে ম্যাচ জিতে ১০ পয়েন্ট রয়েছে খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন, রাজশাহীর। তবে ঢাকা-রাজশাহী ৮টি করে ম্যাচ খেলেছে, এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে খুলনা। ৮ ম্যাচে তিনটি করে ম্যাচ জিতেছে কুমিল্লা ও রংপুর।

৮ ম্যাচে ৩৭৭ রান করে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন কুমিল্লার ডেউইড মালান। যদিও স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন এ ইংলিশ ক্রিকেটার। সেরা পাঁচে আছেন তামিম ইকবাল (২৯৩), ইমরুল কায়েস (২৮৯), রাইলি রুশো (২৭৪) ও চ্যাডউইক ওয়ালটন (২৭৪)। বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন চট্টগ্রামের মেহেদী হাসান রানা। ১৪ উইকেট আছে এই বাঁহাতি পেসারের ঝুলিতে। ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মুস্তাফিজুর রহমান। সেরা পাঁচে আছেন শহীদুল ইসলাম (১২), সৌম্য সরকার (১১), লুইস গ্রেগরি (১১)।