২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থচক্রের বিভিন্ন বিষয় নিয়ে আইসিসির সঙ্গে বড়ো তিনটি দেশের বেশ একটু টানাপোড়েন চলছে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই সময়ে আইসিসির প্রস্তাবিত বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছে। আর এই বিষয়গুলোতেই বিভিন্ন সদস্যরাষ্ট্রের অবস্থানটা বোঝার চেষ্টায় আছে আইসিসি। এর অংশ হিসেবে এই মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে আইসিসির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
আইসিসির প্রধান নির্বাহী মানু সায়ানি ও আইসিসির বাণিজ্যিক বিভাগের প্রধান আসছেন এই দলে। খুব সংক্ষিপ্ত সময়ের এই সফরে বাণিজ্যিক এসব বিষয় নিয়ে আলাপ হতে পারে বলে ধারণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলছিলেন, ‘২০২৩ সালের থেকে যে সাইকেলটা শুরু হচ্ছে, সেখানে বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের অবস্থান জানতে চায় আইসিসি। সম্ভবত এটাই তাদের আলোচ্য হবে।’
এর বাইরে ক্রিকেটীয় কোনো বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলেই জানালেন সুজন। চার দিনের টেস্ট বা এরকম যেসব আলোচনা আছে, তা ক্রিকেট কমিটির মাধ্যমে হবে বলে তিনি জানালেন।
