সারাদেশে উত্সবমুখর পরিবেশে নতুন বই বিতরণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:৫৮

বছরের প্রথম দিন বুধবার বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। উত্সবমুখর পরিবেশে স্কুলগুলোতে বই বিতরণ উত্সব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল :বরিশাল জিলা স্কুলে বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। অপরদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উত্সবে যোগ দেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরীর বটতলা এলাকার নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১টি বই বিতরণ করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানান, নিয়মানুযায়ী সব উপজেলায় সময়মতো চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে।

পিরোজপুর : পিরোজপুরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণী উত্সবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক বিতরণী উত্সবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন।

পরে মন্ত্রী শ. ম. রেজাউল করিম শহরের করিমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অপর একটি বই উত্সবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

রংপুর : রংপুর বিভাগের আট জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১ জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫টি নতুন বই বিতরণ করা হয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসি আসিব আহসান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজাহান সিদ্দিকী জানান, রংপুর জেলায় ৪ লাখ ৭৪ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ২১ লাখ ৩৯  হাজার ৩০টিরও বেশি বই।

নীলফামারী : নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ছমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম মন্ডল জানান, জেলায় ২ হাজার ৮৮২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে চাহিদা অনুযায়ী ১৯ লাখ ৭১ হাজার ৩৯৯টি পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে।

খুলনা : প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে খুলনা বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ বছর ৪ কোটি ৬১ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় মাধ্যমিক স্তরের ৫৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ লাখ ৪৫ হাজার ২৭০ জন শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ২১ হাজার ৩৯৩টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। খুলনা জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা পাঠ্যপুস্তক উত্সবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

ময়মনসিংহ : ময়মনসিংহ জিলা স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উত্সব উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

চলতি বছরে প্রাথমিক স্তরে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৪ হাজার ৮০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৬৯ হাজার ৯৯০ জন ছাত্রছাত্রীর মাঝে ৪০ লাখ ৬৪ হাজার ৫১০টি বই বিতরণ করা হয়েছে। জেলা মাধ্যমিক স্তরে দাখিল ও ইবতেদায়ীসহ ১ হাজার ২টি বিদ্যালয়ে ৬ লাখ ৪৫ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীর মাঝে ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১টি বই বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ লাখ ৮৯ হাজার ৫৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬৯ লাখ ৪৭১টি বই বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

নরসিংদী : নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বই উত্সব উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া। আলোচনা শেষে সদর উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসক।

মাদারীপুর : শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

পঞ্চগড় : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। জেলার ১ হাজার ৯৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ লাখ ৮৭ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৫৫ হাজার ১৩৫টি বই তুলে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ বছর টাঙ্গাইল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪৫ হাজার ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৬৯৯টি বই এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৭২ হাজার ৯৫৮ শিক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৯৫৮টি বই বিতরণ করা হয়। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪৮ হাজার ৮২১ জন শিক্ষার্থীর মাঝে ৬০ লাখ ২৪ হাজার ৩০৯টি বই বিতরণ করা হয়।        

নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। স্ব স্ব বিদ্যালয় প্রাঙ্গণে বই উত্সবের আয়োজন করা হয়। ২৬৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লক্ষ ৬৫ হাজার ৬৭৩ শিক্ষার্থীর মাঝে ২২ লক্ষ ৪১ হাজার ৫৭৩টি, ১৩১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লক্ষ ৪৭ হাজার ২৯ শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ১ হাজার ৯১৩টি বই বিতরণ করা হয়।

জয়পুরহাট : জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯৩ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ২২৯টি নতুন বই ও মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ১১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ১৪ লাখ ৭৯ হাজার ৩৪৫টি বই। জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডঃ সামছুল আলম দুদু। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভোলা : এ বছর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৬ লাখ ৬৩ হাজার ৭৬১ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। পরে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে বই বিতরণের আনুষ্ঠানিত উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০টি বই এবং প্রাথমিক স্তরে ৯ লাখ ৪৩ হাজার ২১৫টি বই বিতরণ করা হয়েছে।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। পরে রাজৈর বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র শামিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতালেব মিয়া।

সিরাজগঞ্জ : এ বছর জেলার ১ হাজার ৬৭১টি প্রাথমিক ও ৭৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৯ লাখ ৪৬ হাজার ৭৭৯টি বই বিতরণ করা হয়। জেলা শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ জানান, মাধ্যমিক পর্যায়ে ৩ লাখ ৬৭ হাজার ৬৩৫ জন ছাত্রছাত্রীর মাঝে ৫৪ লাখ ৫১ হাজার ১০৭টি নতুন বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, জেলার ১৬৭১টি প্রাথমিক  বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে ২০ লাখ ৬১ হাজার বই বিতরণ করা হচ্ছে।

নাটোর : নাটোর সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন প্রমুখ।

রাজশাহী : রাজশাহীতে বই বিতরণ উত্সব কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। রাজশাহী কলিজিয়েট স্কুলে প্রধান অতিথি হিসেবে বই উত্সবের উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। রাজশাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বই উত্সবের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবার মাধ্যমিকে ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থীর মধ্যে ৪৫ লাখ ৮৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে।

কুমিল্লা : কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

কুড়িগ্রাম : শহরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্সবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রশাসক মোছা. সুলতানা পারভীন। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় সরকারি এবং বেসরকারি ১ হাজার ৭৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ ৬৩ হাজার ৪৩৫টি বই বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা : জেলা প্রশাসক আবদুল মতিন গাইবান্ধা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই উত্সবের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় তিন হাজার ২৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে ২১ লাখ ২৭ হাজার ২২২টি বই বিতরণ করা হবে।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : উপজেলায় ২৪৫টি স্কুল, মাদ্রাসায় মোট ৪১ হাজার ৩৭২টি বই পর্যায়ক্রমে বিতরণ করা হয়। ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য এবং জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

কাউখালী (পিরোজপুর) : কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে বই উত্সব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ার ১৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৯০৬টি নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এদিকে দুপুরে পাকুরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের উদ্বোধন করেন শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার।

স্বরূপকাঠি (পিরোজপুর) : সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম। প্রধান শিক্ষক স্বপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র মো. গোলাম কবির প্রমুখ।