পাঁচবিবিতে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কার্ডগুলো একশ্রেণির ব্যবসায়ীরা ৫০০ থেকে ১ হাজার টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ২০০ টন হলেও এখন পর্যন্ত মাত্র ২০৬ টন ক্রয় করা হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক বলছে আবহাওয়া খারাপ হওয়ায় ধান ক্রয়ে কিছুটা গতি কমে এসেছে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনুছ আলী জানান, একজনের কার্ড দিয়ে আর একজনের ধান দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচিত কৃষক নিজে উপস্থিত থেকে আইডি কার্ড ও কৃষি কার্ড দিয়ে ধান দিতে পারবেন।
