মাদ্রাসার ছাদ থেকে পড়ে আহত অপর শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:০৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার চার তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত অপর শিক্ষার্থী ছাত্র মো.সাইফুল ইসলাম (১৪) চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার রাতে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে। এর আগে সোমবার রাতে ভবনের চারতলা থেকে নিচে পড়ে মো. জহিরুল ইসলাম সাজিদ (১৩) গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। নিহত সাজিদ সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন গ্রামের আবুল কাশেমের ছেলে ও সাইফুল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জোড়তুলা গ্রামের শাহ আলমের ছেলে।

এ ঘটনায় জহিরুল ইসলাম সাজিদের পিতা আবুল কাশেম বাদী হয়ে মাদ্রাসার প্রিন্সিপাল শহীদুল ইমলামকে প্রধান আসামি করে মাদ্রাসার ১১ শিক্ষকের বিরুদ্ধে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ জামাল হোসেন ও নুর মোহাম্মদ নামে দুই শিক্ষককে গ্রেফতার করেছে। সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মামলায় গ্রেফতার জামাল হোসেন ও নুর মোহাম্মদ নামে দুই শিক্ষককে বুধবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।