মাদকমুক্ত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ ও যানজট মুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। ১৪টি মহল্লা নিয়ে গঠিত এ ওয়ার্ডে রয়েছে কাজী রিয়াজুদ্দিন রোড, লালবাগ দুর্গ, পুষ্পরাজ সাহা রোড, আতশ খান লেন, রাজশ্রী নাথ স্ট্রিট, হরমোহন শীল স্ট্রিট, গঙ্গারাম রাজার লেন, লালবাগ রোড, নগর বেলতলী লেন, শেখ সাহেব বাজার, সুবল দাস রোড। ২৪ হাজার ভোটারের ওয়ার্ডে রয়েছে বিভিন্ন সমস্যা। এর অলিগলিতে পাওয়া যায় মাদক। ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিষয়ে সবাই জানলেও মুখ খুলতে চান না কেউই। আধুনিক ওয়ার্ডের পাশাপাশি মাদক নির্মূল নিয়ে যারা কাজ করবেন, তাদেরকেই এলাকাবাসী ভোট দেবেন বলে জানান এলাকার বাসিন্দা আরাফাত হোসেন।
তিনি বলেন, আমাদের এখানে নাগরিক সেবার ব্যাপক ঘাটতি রয়েছে। এর মধ্যে বেশির ভাগ সময়ই গ্যাস থাকে না লাইনে। এছাড়া বিভিন্ন এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে পানি উঠে রাস্তায়। কোনো কমিউনিটি সেন্টার নেই। নেই কোনো খেলার মাঠ। নেই কাঁচা বাজার।
এলাকা ঘুরে দেখা যায়, লালবাগ রোডে রয়েছে ব্যাপক যানজট। ব্যাটারিচালিত অটোরিকশার কারণে এই এলাকায় বেশি যানজট লেগে থাকে বলে জানায় এলাকাবাসী। এই এলাকার কাউন্সিলর ছিলেন মো. দেলোয়ার হোসেন। তিনি গত ৮ ডিসেম্বর মারা যান।
এবার এ ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি আনোয়ার ইকবাল সান্টু। সান্টু বলেন, এই এলাকায় রয়েছে লালবাগ কেল্লার মতো একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আমি নির্বাচিত হলে প্রথমেই যেটি করব তা হলো, লালবাগের কাছে পর্যটকদের নিরাপত্তার জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, এখানে অনেক ধরনের নাগরিক সেবার অভাব রয়েছে। এর মধ্যে আমি নির্বাচিত হলে, মাদকের অবাধ বিচরণ বন্ধ করব। মাদক সিন্ডিকেট নির্মূল করাই হবে আমার প্রথম কাজ। এছাড়া সুয়ারেজ লাইন নিয়েও কাজ করব, যাতে করে বর্ষাকালে এখানে কোনোভাবে পানি না ওঠে। সর্বোপরি মাদক, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার কাজ। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির দুইবারের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেনকে। এবারো সুষ্ঠু নির্বাচনে হলে তিনি জিতবেন বলে জানান। তিনি বলেন, যদি সুষ্ঠুু নির্বাচন হয় তাহলে এই এলাকার মানুষ অবশ্যই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ আমার বাবাও এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমিও নির্বাচিত হতে পারলে মাদক নির্মূল ও নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার জন্য চেষ্টা করব।
