সৈয়দ মোয়াজ্জেম আলীর দাফন সম্পন্ন

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:১৭

প্রয়াত সাবেক পররাষ্ট্র সচিব ও মুক্তিযোদ্ধা সৈয়দ মোয়াজ্জেম আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। দুপুরে গুলশানের আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্র্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত জানাজায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সদ্য বিদায়ি পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ রাষ্ট্রদূত, কূটনীতিক, কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ যোগ দেন। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম মোয়াজ্জেম আলীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার উপসামরিক সচিব মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের সমিতি, ডিকাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন পরে সাংবাদিকদের বলেন, সৈয়দ মোয়াজ্জেম আলী একজন মহান ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় তার অবদান অবিস্মরণীয়। প্রসঙ্গত, গত সোমবার বার্ধক্যজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ মোয়াজ্জেম আলী (৭৫)। হাইকমিশনার হিসেবে ভারতে তার পাঁচ বছরের মেয়াদ শেষ করে নয়াদিল্লি থেকে ঢাকায় আসার কয়েক দিন পরই তিনি মারা যান।

আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তার কুলখানি অনুষ্ঠিত হবে।