মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম ও খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির চতুর্থ দিনে গতকাল বুধবার ২০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। দাবি আদায়ে কনকনে শীতের মধ্যে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না বলে জানান।
চট্টগ্রামের শ্রমিক নেতারা জানান, আমিন জুট মিল গেইটে প্রায় ১ হাজার ৫০০ এবং হাফিজ জুট মিলে প্রায় ১ হাজার ২০০ পাটকল শ্রমিক বর্তমানে অনশন কর্মসূচিতে রয়েছে। এছাড়া অন্যান্য ছোটো মিলকারখানাগুলোর শ্রমিক-কর্মচারীরাও এই আন্দোলনে শামিল আছে বলে তারা জানান। বাংলাদেশ জুট মিল করপোরেশন পরিচালনাধীন এসব মিলের মোট শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫৫ হাজার।
আমিন জুট মিলের সিবিএ সভাপতি আরিফুর রহমান ইত্তেফাককে বলেন, মাঝখানে আন্দোলনের বিরতিতে সরকার দাবি না মানায় গত ২৯ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফা আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়েছে। রাতের ঠান্ডা ও নানা কারণে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। গত মঙ্গলবার চট্টগ্রাম-৮ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ এবং গতকাল বিএনপির প্রার্থী মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান আমিন জুট মিল গেটে এসে অনশনরত পাটকল শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন। এছাড়া গেটে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন।
খুলনায় শ্রমিকদের টানা কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের উত্পাদন বন্ধ রয়েছে। ফলে দৈনিক প্রায় কোটি টাকার পাটপণ্য উত্পাদন থেকে বঞ্চিত হচ্ছে পাটকলগুলো। হাড় কাঁপানো শীতের মধ্যে আমরণ অনশন কর্মসূচি পালনের কারণে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে স্যালাইন দেওয়া হয়।
বিজেএমসি সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল বাদে বাকি সাতটি পাটকলের উত্পাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ পাটকলগুলোতে প্রতিদিন উত্পাদনের লক্ষ্যমাত্রা ২৭২ দশমিক ১৭ মেট্রিক টন। সেখানে চালু থাকা ঐ দুটি পাটকলে উত্পাদন হচ্ছে মাত্র ৮৬ দশমিক ৩৯ টন। পাটকলগুলোতে প্রতিদিনের উত্পাদিত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। বিজেএমসি খুলনার আঞ্চলিক লিয়াজোঁ কর্মকর্তা মো. বনিজ উদ্দীন মিয়া বলেন, খুলনা জোনের মিলগুলোর প্রতিদিন যে পরিমাণ উত্পাদন ক্ষমতা তার মাত্র ২৫ ভাগ পাটজাত পণ্য উত্পাদন হচ্ছে।
