নারায়ণগঞ্জ : সড়ক পথের মতো এখন নৌপথও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত টাকার লোভে নৌযানগুলোর চালকেরা অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করছে। গতকাল বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে প্রতিটি ঘাটে ট্রলার ও নৌকাগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করছে। প্রতিটি নৌকায় মাঝিসহ ৮-১০ জনের ধারণক্ষমতা থাকলেও ১৫-২০ জন করেও যাত্রী বহন করতে দেখা যায়। আর যাত্রীরাও ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে বাধ্য হচ্ছেন। কারণ এ নিয়ে প্রতিবাদ করলে নৌযান চালকদের কাছে হেনস্তা হতে হয়। ব্যস্ততম সেন্ট্রাল ঘাট, নবীগঞ্জ ঘাট, টানবাজার ঘাটেই এমন অনিয়ম বেশি হতে দেখা যায়। জানা যায়, সেন্ট্রাল ঘাটে সর্বমোট ১০টি ট্রলার চলাচলের কথা থাকলেও মাত্র ৫-৭টি ট্রলার চলাচল করে থাকে যেগুলো রাত ৯টার মধ্যেই পারাপার বন্ধ করে দেয়। আর নৌকার মাঝিরা এ সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে এবং অতিরিক্ত আয়ের আশায় প্রায়ই অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের ঝুঁকি নিয়ে থাকে —ইত্তেফাক
