মুজিব বর্ষ ও রোহিঙ্গা ইস্যু এ বছরের অগ্রাধিকার ----------- নয়া পররাষ্ট্র সচিব

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:০৫

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশসহ সারাবিশ্বে বিশেষ করে যেসব দেশে বাংলাদেশের মিশন রয়েছে সেখানে বছরব্যাপী একাধিক অনুষ্ঠান হবে। এছাড়া এ বছর আমাদের অন্যতম লক্ষ্য হলো—রোহিঙ্গারা যাতে সম্মান এবং নিরাপত্তার সঙ্গে তাদের বাসভূমি মিয়ানমারে ফিরে যায় তা নিশ্চিত করা। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এর আগে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিকাব’ নতুন পররাষ্ট্র সচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানায়।

নতুন পররাষ্ট্র সচিব বলেন, এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার কী হবে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২০২০ সালের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে। এরই মধ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে আমরা উত্তরণের পর্যায় পার করেছি। বিশ্ব এখন অনেক ক্ষেত্রে নেতৃত্বের জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে। সে কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরো শক্তিশালী করার বিষয় রয়েছে। তিনি বলেন, আগামী মের মধ্যে ডি-৮ সামিট এছাড়া বিমসটেক সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে।