দেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না :তথ্যমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:১৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না। নির্বাচনই হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০ সালের প্রথম দিনে গত এক বছরে মন্ত্রণালয়ের অর্জন এবং এর ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি টেলিভিশনের মাধ্যমে দেশি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল, সেটি আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। অনেকগুলো টেলিভিশনে বিদেশি সিরিয়াল কোনো অনুমতি ছাড়া প্রদর্শিত হচ্ছিল। যেটি আমরা একটি নিয়মনীতির মধ্যে আনতে আমরা সক্ষম হয়েছি। এখন একটি কমিটির মাধ্যমে অনুমোদন নিয়ে সেগুলো প্রদর্শিত হবে।’

তথ্যমন্ত্রী বলেন, আজ (গতকাল) থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ ডিস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জেলার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছে এ ব্যাপারে নির্দেশনা পাঠানো হয়েছে।’ মন্ত্রী জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর তথ্য মন্ত্রণালয়ের অধীনে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটি ছবি নির্মিত হচ্ছে। এই ছবির কাজ অনেক দূর এগিয়ে গেছে। নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। খুব সহসা বাংলাদেশ টেলিভিশনের মতো বেতারও ভারতে সম্প্রচারিত হবে। আমরা আশা করছি এ মাসের মধ্যেই এটি করতে আমরা সক্ষম হবো।’ ড. হাছান আরো জানান, ‘গণমাধ্যমকর্মী আইনে কিছু সংশোধনের দরকার ছিল সেগুলো সংশোধন করা হয়েছে, সাংবাদিক ভাই-বোনদের দাবি অনুযায়ী। এটি আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, পাওয়া মাত্রই আমরা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব। মন্ত্রিপরিষদে অনুমোদনের পর সেটি সংসদে যাবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যমে নিবন্ধন দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সব রিপোর্ট এখনো পাইনি। পেলে খুব দ্রুত কিছু অনলাইন নিবন্ধন পেয়ে যাবে।’ নতুন তথ্যসচিব কামরুন নাহার ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এসময় উপস্থিত ছিলেন।