দৌলতপুরে নৌকা ভাসছে, বিএনপি প্রার্থী ও নেতারা কারাগারে

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭

কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থী সরোয়ার জাহান বাদশার প্রচারণা তুঙ্গে। তবে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাসহ বিএনপির শীর্ষ নেতারা কারাগারে রয়েছেন।

প্রতিদিন কয়েকশত মোটরসাইকেল নিয়ে সরোয়ার জাহান বাদশা দৌলতপুরের মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। তার সঙ্গে সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ ও বর্তমান সাংসদ রেজাউল হক চৌধুরীর কর্মী সমর্থকরা একাট্টা হয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

অন্যদিকে বিএনপির চিত্র সম্পুর্ণ আলাদা। দৌলতপুর থানায় সম্প্রতি দায়ের হওয়া নাশকতা মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন বিএনপি প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। জামিন শেষে গত বুধবার দুপুরে কুষ্টিয়া বিচারিক আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এর আগে ১৩ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, সহ সভাপতি বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ ১৪ নেতাকর্মীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। তাই এই আসনে বিএনপি প্রার্থীসহ শীর্ষ নেতারা কারগারে থাকায় কোন নির্বাচনী প্রচার প্রচারনায় বিএনপি কোনঠাসা অবস্থায় পড়েছে।

তবে, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জুয়েলের নির্বাচনী প্রচার কাজ চাললেও আওয়ামী লীগ প্রার্থী সরোয়ার জাহান বাদশা নির্বাচনী মাঠ এককভাবে দখলে রেখেছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু