খুলনায় শান্তিপূর্ণ নির্বাচনের শপথ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

‘শান্তি জিতলে জিতবে দেশ’ ও ‘শান্তিতে বিজয়’ এ স্লোগান সামনে রেখে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে শপথ করেছেন খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘শান্তিতে বিজয় টাউন হল মিটিং’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘শান্তির জন্য অঙ্গীকার’ শিরোনামের এ শপথ বাক্যে উল্লেখ করা হয়, ‘আমি অঙ্গীকার করছি যে, আমি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহায়তা করবো। আমি বিশ্বাস করি, একটি সফল নির্বাচনের পূর্বশর্ত হলো শান্তি এবং নিঃসন্দেহে অশান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের নাগরিকদের জন্য ক্ষতিকর। আমি নিশ্চিত, ভোটাররা শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে এবং যে নেতা, প্রার্থী ও দল শান্তিপূর্ণ রাজনীতির চর্চা করবে তাকেই তারা সমর্থন করবে। আমি শপথ করছি, এবারের নির্বাচনে আমার দল ও আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার পরিচালনা করবো এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সচেষ্ট থাকবো। কারণ, আমি বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণভাবেই বিজয়ী হতে পারি’।

শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল।

আরো পড়ুন: মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে: সিইসি

অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপি মনোনীত খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল হক মিন্টু, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাবেদ ইকবাল ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনার সিনিয়র জোনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া।

অনুষ্ঠানে খুলনা-২ ও খুলনা-৪ সংসদীয় এলাকার প্রধান পাঁচটি সমস্যা ও কাক্সিক্ষত সমাধান কি, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রশাসনের কাছে ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের দিন এবং এর আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থী এবং কর্মীদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং আমরা কেমন প্রার্থী চাই- ইত্যাদি বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়।

অনুষ্ঠানে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল তাদের বক্তব্যে শান্তির বিজয় প্রত্যাশা করে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

ইত্তেফাক/বিএএফ