শিবগঞ্জে নৌকা সমর্থকের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া এলাকায় এক নৌকা প্রতীক সমর্থকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে হামলার শিকার আবদুল জাব্বার বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

হামলার শিকার আবদুল জব্বার উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুরের সাইদুর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিল হচ্ছিল। এ সময় মিছিলের পাশ দিয়ে নৌকা প্রতীকের সমর্থক আবদুল জব্বার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিএনপির মিছিল অতিক্রম করার সময় তার ওপর হামলা চালায় মিছিলকারীরা।

এতে আবদুল জব্বার গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে তার ব্যবহৃত বাজাজ মোটরসাইকেল ভাঙচুর করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, আবদুল জাব্বারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুত্বর জখম, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

এর আগে শ্যামপুর এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ করেছে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাই মো. টিটো। তিনি জানান, 'পৃথক দুটি ঘটনায় বিএনপি-জামায়াতের কর্মীরা ঘটিয়েছে।'

অপরদিকে পৃথক দুটি ঘটনার বিষয়ে জানতে বিএনপির ধানের শীষ প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পাকা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দেওয়ার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে ধানের শীষ প্রার্থীর মুখপাত্র জেলা বিএনপির সদস্য বারিউল ইসলাম বারি জানান, 'পৃথক দুটি ঘটনায় ব্যাপারে বিএনপির কোন কর্মী জড়িত নয়।'

ইত্তেফাক/নূহু