ওবামার পছন্দের তালিকায় ভারতীয় গায়ক প্রতীক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৪৫

প্রতীক কুহাদ নামের ভারতীয় গায়ককে সম্ভবত খুব কম লোকই চেনেন। কেননা নাম-যশে তিনি তেমন একটা পরিচিত মুখ নন। কিন্তু এই ভারতীয় গায়ককেই গুগলে খুঁজতে শুরু করেছেন আমেরিকানরা। কারণটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পছন্দের গানের বার্ষিক তালিকায় রেখেছেন তাকে। আর সেই টুইট প্রকাশ্যে আসতেই সবাই প্রতীক সম্পর্কে জানতে শুরু করেছেন। সম্প্রতি ওবামা তার টুইটার হ্যান্ডলে একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানে আমেরিকান ও অন্য দেশের গায়কের সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রতীক কুহাদ। প্রতীকের ‘কোল্ড/মেস’ গানটি ওবামার ২০১৯ সালে বার্ষিক পছন্দের গানের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতীক কুহাদের ‘কোল্ড/মেস’ পপ গানটি ২০১৮ সালে প্রকাশ পায়। এই গানটির সঙ্গে প্রতীকের ‘১০০ ওয়ার্ডস’ গানটিও খুব জনপ্রিয়। ‘কোল্ড/মেস’ ২০১৮ সালের ৫ ডিসেম্বর প্রতীকের ইউটিউব চ্যানেলে আপলোড হয়। যা এখনো পর্যন্ত ৫০ লাখ ৭২ হাজারের বেশি বার দেখা হয়েছে। আর ওবামার তালিকা প্রকাশের পর সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।   —আনন্দবাজার পত্রিকা