পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড। যেখানে প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষের বসবাস। আর এখানে ভোটার রয়েছে প্রায় ৩৫ হাজার। ওয়ার্ডটি গঠিত আজিমপুর রোড, আজিমপুর এতিমখানা, আজিমপুর সরকারি কলোনি (দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, মৌচাক ও পলাশী), চায়না বিল্ডিং গলি, আমতলা রোড, বটতলা, আজিমপুর কবরস্থান, পলাশী ব্যারাক পশ্চিম ও দক্ষিণ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বিসি দাস লেন, জহির রায়হান রোড, নীলক্ষেত সরকারি বাজার, নীলক্ষেত রোড (একাংশ), ঢাকেশ্বরী মন্দির রোড, লালবাগ ও রসুলবাগ এলাকা নিয়ে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার দুইপাশে অবৈধ দোকান এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে এ ওয়ার্ডের মূল সড়ক আজিমপুর রোড ও আজিমপুর কবরস্থান রোডে সারা দিনই তীব্র যানজট লেগে থাকে। এছাড়া পুরো এলাকায় অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজিমপুর রোডের সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে নিউমার্কেট-নীলক্ষেত চৌরাস্তা পর্যন্ত সড়কের পশ্চিম পাশের অর্ধেক দখল করে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস রাখা হয়েছে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে আসন্ন নির্বাচনে প্রার্থীরা এ ওয়ার্ডে ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, পানি ও মশক সমস্যা সমাধান, কমিউনিটি সেন্টার নির্মাণ ও যানজটমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে ভোটের মাঠে নেমে পড়েছেন।
এ ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। হাসিবুর রহমান মানিক বলেন, তার এলাকার প্রধান সমস্যা যানজট। তিনি নির্বাচিত হলে যানজট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন। তার এলাকায় মাদক নেই, তিনি সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদককারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেন না। শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার কাজ। এছাড়া সিটি করপোরেশনের একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে তার।
এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের আরেক প্রার্থী হাসিব উদ্দিন রসি। তিনি বলেন, শেষ পর্যন্ত নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি ভোটের মাঠে থাকবেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে এ ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মীর আশ্রাফ আলী আজম। তিনি বলেন, ২৬ নম্বর ওয়ার্ডে গ্যাস সঙ্কট রয়েছে। রাস্তার পাশে খোলা ড্রেনে মশা-মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ বিরাজ করছে, সড়কের তীব্র যানজট লেগেই থাকে। পরিকল্পিত স্যুয়ারেজ ব্যবস্থা নেই। অনেক রাস্তা রয়েছে অপ্রশস্ত। ব্যাটারিচালিত অবৈধ তিন চাকার যানবাহনের ছড়াছড়ি। নির্বাচিত হলে এসব সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিবেন বলে জানান তিনি।
