নোয়াখালী জেলা পরিষদ

দুই প্রকৌশলী ও এক ঠিকাদার কারাগারে

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:১৯

নোয়াখালী জেলা পরিষদের বর্তমান উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী আফিসার হোসেন খন্দকার (বর্তমানে এলজিইডি, ময়মনসিংহ সদরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত) ও জেলা পরিষদের ঠিকাদার রিয়াজ উদ্দিনকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত দুদকের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিনের আদালতে এ তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর দির্দেশ দেন।

নোয়াখালী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, গত ২০১৬-১৭ অর্থবছরে দুই প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজশে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া কলেজ ও শিবরামপুর-নারায়ণপুর সড়ক উন্নয়ন কাজের ভুয়া পরিমাপ করে বহি তৈরি করেন। তারা দরপত্রের সিডিউল ও ডিজাইন মোতাবেক কাজ না করে প্রকল্পের প্রায় এক লাখ ৬৩ হাজার টাকা আত্মসাত্ করেছেন। এর তদন্ত শেষে গত বছরের ২৯ অক্টোবর তিনি বাদী হয়ে দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। পরে  তারা  হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। একই সাথে  উচ্চ আদালত  তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।