আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপির বিরুদ্ধে। এই সংখ্যা আরো বাড়বে। এভাবে কমতে কমতে একসময় তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকবে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে গঠিত টিমের সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না।
‘সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি পর্যবেক্ষণে বিএনপি অংশ নিয়েছে’ মর্মে সম্প্রতি বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হওয়ার আগেই এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হয় না। এ ধরনের মন্তব্য হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝেন না, তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন ও লুটপাটের রাজনীতির চর্চা করা। তিনি বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করব।’ ওবায়দুল কাদের বলেন, ইভিএমে কারচুপির অভিযোগ এখনো আসেনি। এমনকি যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেখানে বিএনপির রেকর্ডও বেশি।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে সব সিদ্ধান্ত ঠিক না-ও হতে পারে। সেজন্য প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত আমাদের টিমওয়ার্ক চলছে। প্রার্থীর অবস্থান বা বিতর্কিত প্রার্থী থেকে থাকলে সেগুলো ফাইন্ড আউট করা হবে। এর পর যথাযথ প্রার্থীকে ঘোষণা করব। তবে ওয়ার্ডে প্রার্থী উন্মুক্ত করা হয়নি।’
১১ থেকে ১৩ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করবে আওয়ামী লীগ
শীতপ্রকোপ এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ বঙ্গে যাচ্ছে আওয়ামী লীগের দুটি টিম। উত্তরাঞ্চল ও দক্ষিণ বঙ্গে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে টিম লিডার মনোনীত করা হয়েছে। এসব টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
ওবায়দুল কাদের বলেন, ‘শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে আমাদের দুটি কমিটি গঠন করেছি। সবচেয়ে বেশি শীতার্ত এলাকাগুলোতে আমাদের টিম যাবে।’ জানা গেছে, আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবে দলটি। আগামী ১১ জানুয়ারি সৈয়দপুর থেকে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে শীতবস্ত্র কার্যক্রম করবেন দলের নেতারা। এছাড়া আগামী ১১ জানুযারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দপুর ও নীলফামারীতে এই টিমের সঙ্গে সংযুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করবেন। এছাড়া ৬ জানুয়ারি সাভার এলাকায় পোশাকশ্রমিকদের মধ্যে এবং ৭ জানুয়ারি মহাখালীতে শীতবস্ত্র বিতরণে অংশ নেবেন ওবায়দুল কাদের।
সভায় সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজিলাতুন্নেছা বাপ্পির মৃত্যুতে শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
