দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আন্দোলন কর্মসূচি তুলে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর পাটকল শ্রমিক নেতারা চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন বলে রাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে মজুরি স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং বস্ত্র ও পাটমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি স্লিপ দেওয়া হবে বলে জানিয়েছেন। এরপর রাতে বাংলাদেশ পাটকল করপোরেশন এক আদেশে জানায়, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি স্লিপ দেওয়া হবে।
ঢাকার সিদ্ধান্ত জেনে খুলনায় অনশনরত পাটকল শ্রমিকরা রাতে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। রাজশাহীর শ্রমিকরাও আন্দোলন প্রত্যাহার করেছেন। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মতো কর্মসূচি পালন করে আসছিলেন। ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ তাদের কর্মসূচি ২২ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় খুলনা, রাজশাহী ও নরসিংদীর অন্তত ১১টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ২৯ ডিসেম্বর ফের আমরণ অনশনে বসেন।
