সাতক্ষীরা- চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১১:২৭

সাতক্ষীরা ও চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এই দুটি ঘটনা ঘটে।

সাতক্ষীরায় শুক্রবার ভোরে সদর উপজেলার দামারপোতা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হন। সে মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

আরও পড়ুন : সারাদেশে হালকা বৃষ্টি, আসছে ফের শৈত্যপ্রবাহ

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে ১৩ মামলা রয়েছে।

অপরদিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় রিপন নামে এক যুবলীগকর্মী খুনের ঘটনায় দায়ের করা মামলার আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। শুক্রবার ভোরে নগরের বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, যুবলীগকর্মী রিপন হত্যা মামলার ৫ নং আসামি এমদাদ বন্দুকযুদ্ধে নিহত হন।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাতে শেরশাহ এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহেদ ইকবালের বাসায় মেজবান খেয়ে ফিরছিলেন রিপন ও তার বন্ধুরা। ফেরার পথে তাদের ওপর হামলা হয়। স্থানীয়রা বলছেন, পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে রিপনকে খুন করা হয়েছে। রিপন জালালাবাদ হকার সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ কর্মী ছিলেন।

ইত্তেফাক/এমআরএম