বড়ো দুই চলচ্চিত্র উত্সব এ মাসে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৪৯

 বিনোদন রিপোর্ট

 

পৌষের শেষ বেলায় শীতের আমেজের সঙ্গেই ঢাকা মাতবে বড়ো দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। দুই উত্সব মিলিয়ে প্রায় ৩শ’ সিনেমা দেখতে পাবেন দর্শকরা। খবরটি সিনেমাপ্রেমীদের জন্য আনন্দের।

আগামী ১১ জানুয়ারি শুরু হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব-২০১৯’। ৯ দিনব্যাপী উত্সব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। গত ২৮ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের উত্সবের মূল শ্লোগান নির্ধারণ করা হয়েছে—‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’।

উত্সব পরিচালক হিসেবে আছেন রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মোস্তফা জামাল জানিয়েছেন, আলিয়ঁস ফ্রঁসেস ঢাকা, ঢাকা শিশু একাডেমি, ঢাকা শিল্পকলা একাডেমি, ঢাকা জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হলসহ মোট ৮টি ভেন্যুতে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে।

এদিকে ২৪ জানুয়ারি আয়োজিত হচ্ছে শিশুদের জন্য চলচ্চিত্র উত্সব। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’—শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হবে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। শিশু চলচ্চিত্র নিয়ে দেশের সর্ববৃহত্ এই আয়োজন চলবে পুরো এক সপ্তাহ। ২ ফেব্রুয়ারি পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হবে এই উত্সব। উত্সবের আয়োজক চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। উত্সবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও আরো কয়েকটি ভেন্যু থাকবে।

চিলড্রেন’স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও আমরা চলচ্চিত্র উত্সবের আয়োজন করছি। এবার আমরা প্রথমবারের মতো নারী চলচ্চিত্র উত্সব পরিচালক পেয়েছি। আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম একজন নারী উত্সব পরিচালক হিসেবে তৈরি হবে। অন্যান্য ক্ষেত্রের মতো আমাদের সংগঠনেও নারী নেতৃত্বের জায়গা প্রসার হচ্ছে।’

এদিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এগুলো হলো—এশিয়ান সিনেমা বিভাগ, বাংলাদেশ প্যানারোমা বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ, চিলড্রেন ফিল্মস বিভাগ, উইমেন ফিল্মমেকারস বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস বিভাগ ও স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ। জানা গেছে, উত্সবের প্রথমদিন প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। ছবিটি প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস।