বিটিভিতে আজ ‘মিলেছি মেলবন্ধনে’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৫০

 বিনোদন রিপোর্ট

 

সাংস্কৃতিক অঙ্গনেও ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ। এবারো পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে থাকছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের নাম ‘মিলেছি মেলবন্ধনে। আজ রাত ৮টা ১৫ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে এটি। বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক পরিবেশিত এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ। রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে ম্যাগাজিন অনুষ্ঠানটির চিত্রায়ণ করা হয়েছে।

প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা ও ইফতেখায়রুল ইসলাম, পিপিএম। এস এ হক অলিকের নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান।