সৃষ্টি হচ্ছে যানজট
ঘটছে দুর্ঘটনা
দিনাজপুর অফিস
দিনাজপুরে সড়ক বিভাগের প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিভিন্ন হাটবাজার এখন যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কের ওপর ২০টিরও অধিক হাট এবং অসংখ্য বাজারের কারণে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা এবং ঘটছে দুর্ঘটনা।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, দিনাজপুর জেলায় সড়ক বিভাগের অধীনে ৬৯ দশমিক ৫ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ২০০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ২৩০ কিলোমিটারেরও অধিক সড়ক রয়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কে দিনাজপুর জেলা শহরের সঙ্গে ঢাকাসহ দূরপাল্লার যানবাহন চলাচল করে।
এছাড়াও বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি বাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ এসব সড়কের পাশে বসেছে ২০টিরও অধিক হাট। এছাড়াও সড়ক ঘেঁষে বসেছে অসংখ্য বাজার। বিশেষ করে দিনাজপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে বাঁশের হাট বসায় যান চলাচল করছে ঝুঁকি নিয়ে।
বাঁশের হাট এলাকার অধিবাসী আব্দুর রাজ্জাক জানান, প্রতি সপ্তাহের সোমবার বসে এই বাঁশের হাট। সড়কের দুপাশে এই হাট বসায় বিভিন্ন স্থান থেকে রিকশাভ্যান, ভটভটি, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে বাঁশ নিয়ে আসে এই হাটে। বাঁশ আনলোড ও লোড করতে গিয়ে মানা হয় না সড়কের সিগন্যাল। ফলে এই স্থানে এসে ঝুঁকির মধ্যে চলাচল করে বিভিন্ন যানবাহন। প্রায়ই ঘটে ছোটো-খাটো দুর্ঘটনা।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম সারওয়ার জানান, সড়কের ওপর হাট বসানোর ব্যাপারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও দিনাজপুর জেলায় সড়কের ওপর বসছে ২০টিরও অধিক হাট। এতে সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে দুর্ঘটনা। তিনি জানান, হাট ইজারা দেওয়ার সময় ইজারা প্রদানকারীরা সড়ক বিভাগের সঙ্গে আলোচনা করলেই এই অবস্থার সৃষ্টি হবে না।
এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
