৮০ হাজার ডলারসহ দুই যুবক গ্রেফতার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৩

নাটোর প্রতিনিধি

ভারত থেকে নিয়ে আসা ৮০ হাজার আমেরিকান ডলারসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। তারা হলো—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আলমপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৭) এবং মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল মিয়া (২৫)।

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঢাকা যাওয়ার পথে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় তল্লাশি করে ঐ দুজনের পায়ের সেন্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ ডলারের ৮ হাজারটি নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ডলারের আর্থিক মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে রাতেই মানি লন্ডারিং আইনে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ।