সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দেশের পক্ষে মঙ্গলজনক নয় বলেই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার দুফলো। এ নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষও করতে ছাড়েননি এই নোবেলজয়ী দম্পতি। তাদের মতে, সিএএ এবং এনআরসি ‘ন্যূনতম সরকার’ বা ‘সর্বোচ্চ সুশাসন’-এর লক্ষণ নয়। তারা প্রশ্ন তুলেছেন, যারা দেশের অগ্রগতির শরিক হতে চান, তাদের কেন সঙ্গে নেওয়া হবে না। খবর আনন্দবাজার প্রত্রিকার
সিএএ নিয়ে দেশ জুড়ে বিতর্ক-প্রতিবাদ-আন্দোলন অব্যাহত। ছাত্র-যুব সমাজের একটা বড়ো অংশ সিএএ-এর বিরুদ্ধে পথে নেমেছেন। এই পরিস্থিতিতে সম্প্র্রতি একটি নিবন্ধে কোনো রাখঢাক না করেই অভিজিত্ এবং এসথার সিএএ ও এনআরসি নিয়ে তাদের অভিমত স্পষ্ট করেছেন। তারা বলেছেন, ‘যে দেশে আপনি সারা জীবন কাটালেন, যদি দেখেন আপনি সেই দেশের নাগরিক বলে গণ্য হলেন না, সেখানে আপনাকে কেউ চায় না তা হলে আপনি কে? এটাই যুব সমাজকে হতাশ করে তুলছে।’ তাদের মতে, এটা নাগরিকের মৌলিক অধিকারে সরকারি হস্তক্ষেপ।
