বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উত্সব শুরু ১১ জানুয়ারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ও অ্যাডভেঞ্চার কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৫ জানুয়ারি তিন পার্বত্য জেলায় অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উত্সব ২০২০’। গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে ফাউন্ডেশনের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এ ঘোষণা দেন।

পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় এ উত্সব উদ্যাপিত হবে। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উত্সবে দেশি-বিদেশি ১০০ জন অংশগ্রহণকারী মাউন্টেইন বাইকিং, কায়াকিং, ক্যানিওনিং, কেড ডিসকভারি, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স, টিম বিল্ডিং, টি-ট্রেইল হাইকিং, সেইলিং বোটসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।                এর মধ্যে পার্বত্য এলাকা থেকে ৩১ জন, দেশের অন্যান্য এলাকা থেকে ৫৩ এবং ১৬ জন বিদেশি অংশগ্রহণকারী রয়েছেন। উত্সবে মোট ২৭ জন নারী অ্যাডভেঞ্চার অংশগ্রহণ করবেন। বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য থাকবেন ১৬ জন বিদেশি প্রশিক্ষক।

উত্সবের সমাপনী অনুষ্ঠান রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ১৫ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট অ্যাডভেঞ্চারকে ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার সম্মাননা’ প্রদান করা হবে।

এছাড়া সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট শাহীনুল ইসলাম, তরুণ কান্তি ঘোষ, নির্বাহী পরিচালক মশিউর খন্দকার।