দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ পাঁচ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কিশোরগঞ্জ (নীলফামারী) :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়ি একই গ্রামে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, জলঢাকা উপজেলার জহুরুল ইসলামের জামাতার বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হূদেরাগে মারা যাওয়ায় তারা ১০ জন একটি মাইক্রোবাসে বগুড়ার মোকামতলায় যাচ্ছিলেন। শুক্রবার সকালে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৯ জন। ওসি জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ ও চিতলমারী (বাগেরহাট) :গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় ও বৃহস্পতিবার রাতে একই সড়কের ঘোনাপাড়া নামক স্থানে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিত্ মণ্ডলের ছেলে বিশ্বজিত্ মণ্ডল (২৫)। তিনি বাগেরহাটের পিসি কলেজের ছাত্র। অপর নিহত লাবনী বেগম (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামের তাওহীদ মোল্লার স্ত্রী। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর (বগুড়া) :ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কাঠালতোলা পালস জেনারেল হাসপাতালের সামনে ট্রাকের চাপায় ফারুক হোসেন (২৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা কাঠালতোলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা পূর্ব গ্রামের রহমানের ছেলে ফারুক হোসেন ব্যক্তিগত কাজে শেরুয়া বটতলা বাজারে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় ঢাকা থেকে বগুড়াগামী অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
