নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী দুইটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মঙ্গলেরগাঁও পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতদল একজন সাবেক ইউপি সদস্যসহ ছয়-সাত জনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ ৫৬ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন ও ক্যামেরা লুটে নিয়ে যায়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান বলেন, তিনি এয়ারপোর্টে তার এক আত্মীয়কে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির সামনে রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত তার গাড়ির গতিরোধ করে। এসময় তাকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। ঘটনার আধাঘণ্টা আগে কক্সবাজার থেকে বেড়িয়ে আসা দুধঘাটা গ্রামের পাঁচ যুবককে বহনকারী আরো একটি মাইক্রোবাসে ডাকাতি সংঘটিত হয়। তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যায় ডাকাতরা।
এদিকে একই রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাজী জালাল টাওয়ারে অবস্থিত পাইকারি ব্যবসায়ী মনির হোসেনের প্রতিষ্ঠান মেসার্স তানভীর স্টোরের তালা ভেঙে নগদ ৮ হাজার টাকা এবং প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় একদল চোর।
