লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন অংশটির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। দলের সভাপতি হিসেবে ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্ব অস্বীকার করে আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে দলটির নেতাকর্মীদের একাংশ গত ২ ডিসেম্বর পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে নতুন অংশ আজ সকাল ১০টায় কাউন্সিল ডেকেছে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
অলির নেতৃত্ব অস্বীকারকারীদের আজকের কাউন্সিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নতুন এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
অলির নেতৃত্বাধীন এলডিপি এবং আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে গঠিত এলডিপির নতুন অংশ দুটোই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক হিসেবে রয়েছে। কয়েকদিন আগে ২০ দলীয় জোটের বৈঠকে উভয় অংশের নেতাকেই আমন্ত্রণ জানায় বিএনপি। জানা গেছে, এলডিপির নতুন অংশের আজকের কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা উপস্থিত হলে এনিয়ে নতুন সংকট দেখা দিতে পারে ২০ দলে।
এলডিপির নতুন অংশের সদস্যসচিব শাহাদাত হোসেন সেলিম জানান, দেশের অন্তত ৩০টি জেলা থেকে হাজারখানেক কাউন্সিলর আজকের সম্মেলনে অংশ নেবেন। তিনি জানান, নতুন করে এলডিপি করে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তাদের এলডিপিই অগ্রগামী ভূমিকা রাখবে বলে দাবি করেন সেলিম।
আব্দুল করিম আব্বাসী বলেছেন, দল পরিচালনায় অলি আহমদের একনায়কসুলভ মানসিকতায় তারা হতাশ হয়েই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছেন। তবে অলি আহমদ বলেছেন, এলডিপি তার নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল। এলডিপির ব্যান্যারে অন্য কারও কাউন্সিল করার কিংবা কমিটি ঘোষণার কোনো এখতিয়ার নেই।
প্রসঙ্গত, ২০ দলের সমান্তরালে জোটেরই শরিক জামায়াত, বাংলাদেশ কল্যাণ পার্টি ও জাগপাকে নিয়ে গত বছরের মাঝামাঝি ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে পৃথক প্ল্যাটফর্ম গঠন করেন অলি আহমদ। কিন্তু অলির এই উদ্যোগকে মেনে নিতে পারেননি এলডিপির অনেকেই। কার্যত সেখান থেকেই দলটিতে বিরোধের সূত্রপাত।
