টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলা ও মূলহোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারী ফজল মণ্ডলসহ তার তিন সহযোগীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মণ্ডলসহ আরও দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে ফজল মণ্ডলকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এমআরএম
