নিখোঁজের সাতদিন পর নাটোরের পাইকৈড়দোল থেকে হাসান আলী (১০) নামে এক শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাইকৈড়দোল গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসান আলী একই এলাকার মোজাহার আলী ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, গত রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয় হাসান। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু হাসানের কোন খবর পাওয়া যায়নি। এরপর হাসানের নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে বৃহস্পতিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপরও তারা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে।
আরো পড়ুন : সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
শনিবার দুপুর ১২টার দিকে নিহতের বাড়ির পাশের পাইকৈড়দোল কালি বাড়ির পিছনে একটি বাঁশ ঝাড়ের ভিতরে শিশুর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/ইউবি
