ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কর্মশালায় বক্তারা

দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ জেলা সুনামগঞ্জ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৪৩

দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ জেলা সুনামগঞ্জ। গত ১৬ বছরের একটি সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘বজ্রপাত সংগঠনে আবহাওয়াজনিত অবস্থা পর্যবেক্ষণ এবং বাংলাদেশ বজ্রপাত মোকাবেলায় সহনশীল জনগোষ্ঠী গঠনে প্রশিক্ষণ কর্মশালা ও আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়া বিজ্ঞান বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, গত ১৬ বছরে দেশব্যাপী বজ্রপাতের ঘটনা অনুসন্ধান করে জানা গেছে, দেশের পাঁচটি অধিক বজ্রপাত প্রবণ জেলার মধ্যে প্রথমেই রয়েছে সুনামগঞ্জ। বজ্রপাতে দেশে মোট প্রাণহানির ৪.৮২ শতাংশ ঘটেছে সুনামগঞ্জে।

আরও পড়ুন: স্বর্ণের দাম ৬০ হাজার টাকা ছাড়ালো

কর্মশালায় সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড.তৌহিদা রশীদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, ড.আসিফ আহমদ,উপ-সচিব মো.কোরবান আলী, প্রফেসর ড. দেওয়ান আব্দুল কাদির।

অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মসহুদ চৌধুরী, শিক্ষক ইসমাইল হোসেন ও তাপস রায় চৌধুরী।

কর্মশালায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, কৃষক, মসজিদের ইমাম ও শিক্ষার্থীরা অংশ নেন।

ইত্তেফাক/এএএম