সেপার্টস রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন প্রায় সাত বছর আগে। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বিদায় নিলেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান।
২০০৩ সালে মাত্র ১৯ বছর বয়সী ভারতীয় দলে অভিষেক হয় ইরফানের। এরপর দারুণ পারফর্ম্যান্স দিয়ে দলের অবিচ্ছেদ্য অংশেই পরিণত হয় তিনি। ২০০৬ সালের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের উদ্বোধনী ওভারেই হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন তিনি। এখন পর্যন্ত ইনিংসের প্রথম ওভারে হ্যাটট্রিকের নজির ওই একটিই আছে। ২০০৭ সালে ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি।
ব্যাটসম্যান হিসেবে ইরফানের উত্থানও সে বছরই। ২৯ টেস্টে ৩১.৫৭ গড়ে ১১০৫ রান করেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটেও সমানে চলেছে তার উইলো। ১২০ ওয়ানডে আর ২৪ টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৫৪৪ আর ১৭২ রান করেছেন তিনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে গতি হারিয়ে একটা সময় দল থেকে ব্রাত্যই হয়ে পড়েন তিনি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার পর অবশ্য চার বছর সীমিত ওভারের ক্রিকেটে ভারতের খেলেছেন তিনি। তবে ২০১২ সালে এশিয়া কাপের পর যতিচিহ্ন পরে সেখানেও। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও ধার হারাতে থাকেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৪ উইকেট, লিস্ট এ-তে ২৭২ আর টি-টোয়েন্টিতে ১৭৩ উইকেট শিকার করেন তিনি। ৩৫ বছর বয়সী এই পেসার ২০১৭ সালে শেষ আইপিএল খেলার পর টানা তিনটি নিলামে অবিক্রীত থাকেন তিনি। গত শনিবার সব ধরণের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
