কেউ বা কষ্টে মরে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৪৯

জ্যোতির্ময় সেন

 

শীতের মধ্যে বৃষ্টি!

পউষ মাসের হিম প্রকৃতির

এ কোন বৈরী দৃষ্টি?

মরছে যারা শীতে—

তাদের খুশি করতে পারে

কোন টপ্পা-গীতে?

কারো সর্বনাশ!

কারো আবার বেশ আনন্দে

জমেছে পৌষ মাস।

 

পাখির মতো ভিজে—

কত মানুষ যাচ্ছে কাজে

কষ্ট তাদের কী যে!

লেপটা মুড়ি দিয়ে—

আরাম করে ঘুমুচ্ছে কেউ

পোষা বিড়াল নিয়ে।

খাচ্ছে খাবার কত—

পিঠে-পায়েস, কোর্মা-পোলাও

যার যা ইচ্ছেমতো।

বিশ্ব চরাচরে—

কেউ বা থাকে মহা সুখে

কেউ বা কষ্টে মরে।