ডিএনসিসি নির্বাচন

মনোনয়ন ফিরে পেতে জাপার মেয়র প্রার্থীর আপিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন জাতীয় পার্টি-জাপার মেয়র প্রার্থী জি এম কামরুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি এ আপিল আবেদন জমা দেন। আগামীকাল সোমবার আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জি এম কামরুলের পক্ষে রায় না এলে ঐদিন অথবা পরের দিন মঙ্গলবার তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এ বিষয়ে জাপার মেয়র প্রার্থী বলেন, মনোনয়ন ফেরত পেতে আইনি লড়াই চালিয়ে যাব। আপিলে আমার মনোনয়নপত্র বহাল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জাপার মেয়র প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার নন।