‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার পেলেন চার জন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:০৬

কবিতা ও কথাসাহিত্যে প্রতিভার স্বাক্ষর রাখায় চার তরুণ সাহিত্যিক পেলেন বেঙ্গল ফাউন্ডেশনের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার। শনিবার বিকালে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্য বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়।

২০১৯ সালের কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেছেন—কবিতায় ‘জলপরিদের দ্বীপে’ (প্রকাশক :বেহুলাবাংলা) গ্রন্থের জন্য হানযালা হান; কথাসাহিত্যে ‘লালবেজি’ (প্রকাশক :বাতিঘর) গ্রন্থের জন্য কামরুন নাহার শীলা; প্রবন্ধ, গবেষণা ও নাটকে ‘সৈয়দ নজরুল ইসলাম :মহাজীবনের প্রতিকৃতি’ (প্রকাশক :দ্যু প্রকাশন) গ্রন্থের জন্য ফয়সাল আহমেদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ‘মুক্তিযুদ্ধ ভারতের চিকিত্সা সহায়তা’ (প্রকাশক :সময় প্রকাশন) গ্রন্থের জন্য চৌধুরী শহীদ কাদের। শিশুসাহিত্য বিভাগে এ বছর পুরস্কার প্রদানের জন্য মানসম্পন্ন গ্রন্থ পাওয়া যায়নি বলে আয়োজকরা জানান। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও শিল্পী রফিকুন নবী। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে শংসা বচন পাঠ করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও অধ্যাপক মাহবুব সাদিক। বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। পুরস্কার প্রদান শেষে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। ছিল সেতার ও তবলা বাদন।

বেঙ্গল ফাউন্ডেশনের সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যচর্চা এবং সাধনাকে গতিশীল করবার উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে।