বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:০৭

ঈশ্বরদী পৌর ছাত্রলীগের নেতা আবির হোসেন শৈশবকে মারধরের ঘটনার জের ধরে ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাদের মারধরের  অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের রেলওয়ে গেট এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদল ও যুবদল নেতাদের অভিযোগ, ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্রলীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী, ছাত্রলীগ ও ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে ঈশ্বরদী সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মী সৌরভ ও তুর্য্যর সঙ্গে কলেজের পরিবেশ নিয়ে কলেজের কয়েক জন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের অন্যতম নেতা আবির হোসেন শৈশব সেখানে এলে স্থানীয় যুবক আরিফ তাদের কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে বলে। এ সময় কয়েক জন শৈশবকে পিটিয়ে আহত করে। এই ঘটনার জের ধরে দুপুরে ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন যাত্রার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় ঐ কার্যালয়ে অবস্থানকারী ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা পিপ্পু, যুবদল নেতা সাঈদ ও ছাত্রদল কর্মী কৃষ্ণকে মারপিট ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ঘটনার পরপরই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।