কদমতলীতে তিনটি কেমিকেল গোডাউনে বিস্ফোরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৫:৩৭

ঢাকার কদমতলীতে তিনটি কেমিকেল গোডাউনে বিস্ফোরণ ঘটেছে । রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আগুন নেভাতে গিয়ে স্থানীয় ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বর্ণনা থেকে জানা যায়, বিস্ফারণে গোডাউনের টিনের চাল উড়ে যায়। এলাকাবাসী এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে মাত্র ২০ মিনিটের মধ্যে তিনটি ইউনিট ঘটনা স্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের মধ্যে ১০ জন আহত হয়েছেন।বিস্ফোরণে গোডাউনের প্রায় এক হাজার ফুটের মধ্যে থাকা সকল বাড়ি-ঘর এবং একটি মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীদের সহযোগিতায় ও তাদের চেষ্টায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে জানায়, তারা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে কেমিকেল গোডাউনের আগুন নেভাতে সাহায্য না করলে ওই এলাকায় প্রায় ৫০ বাড়ি আগুনে পুড়ে যেত। এ ক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনা ছিলো বলে জানান তারা।

ইত্তেফাক/এমআরএম