টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এর আগে জুয়া আসরের মুলহোতাদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ঘণ্টা আল্টিমেটাম দিয়েছিল সাংবাদিকরা। কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মূলহোতাদের গ্রেপ্তার না করায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রবিবার ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, 'জুয়ার মূল হোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেপ্তারে পুলিশের কোনও উদ্যোগ নেই। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।'
এর আগে আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। থানার ওসির ব্যর্থতার জন্য তার অপসারণ হওয়া দরকার। এ সময় একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।'
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবে সভাপতি শাহ আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, আব্দুল আলীম আকন্দ, সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা। এছাড়া স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠন, অনলাইন গ্রুপ ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর ও মানবতার সেবায় ভূঞাপুর এর সদস্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরও দুইজন আহত হয়।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’
এ সময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ি প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু
