‘রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরকে ঢেলে সাজানো হবে’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:১৩

রাজশাহীর শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরকে ঢেলে সাজানে হবে বলে জানিয়েছেন পর বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শনিবার বিকেলে দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরের অবকাঠামো ও নিরাপত্তাসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি যোগ করেন, শিগগিরই এই বিমানবন্দরের সম্প্রসারণ ও সংস্কার শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, কেবল এই বিমানবন্দরই নয়, দেশের সবগুলো বিমানবন্দরের সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক টার্মিনাল ভবন নির্মাণসহ বিভিন্ন সংস্কার কাজ করা হবে।
 
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল জলিলসহ আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: শীতবস্ত্র মেলার আড়ালে অশ্লীল নাচ হাউজি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়েতে বর্তমানে একটির বেশি বিমান দাঁড়াতে পারে না। তাই রানওয়ে সম্প্রসারণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানওয়ে সম্প্রসারণের পর এখানে একসঙ্গে তিনটি বিমান দাঁড়াতে পারবে। তিনি আরও বলেন, এই বিমানবন্দরের রানওয়ের স্ট্রেন্থ (প্রসারণ) বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) সম্পন্ন করেছি। আজ সরেজমিনে সব দেখেও গেলাম।
 
পরে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী চাঁপাইনবাবগঞ্জ শহর পার্শ্ববর্তী ‘শেখ হাসিনা’ সেতু সংলগ্ন স্থানে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সেখানে বলেন, শিগগিরই চাঁপাইনবাবগঞ্জে আধুনিক মানের পর্যটনকেন্দ্রের কাজ শুরু হবে। পর্যটনকেন্দ্রটি ৪০ কোটি টাকা ব্যয়ে ৪৪ একর জায়গার ওপর স্থাপন করা হবে।

ইত্তেফাক/এসি