আইসিইউ শয্যা দ্বিগুণ করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, উন্নয়নের দিক থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল সব সময় অগ্রাধিকার পায়। এ ধারা অব্যাহত থাকবে। এই হাসপাতালের আরও জনবল ও যন্ত্রপাতির প্রয়োজন। সেগুলোও দ্রুত দেওয়া হবে। শনিবার দুপুরে রামেক মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি গাড়ি ও প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও দেওয়া হবে। এ বছর রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ আমরা তিনটি জায়গা দেখেছি। আমার সঙ্গে সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন। আমরা নকশা প্রায় চূড়ান্ত করেছি। এখন সার্ভে করার প্রয়োজন। এ জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কেও দরকার। ডিপিপি চূড়ান্ত হবে সার্ভের পর।
আরও পড়ুন: মুরাদনগরে কিশোর গ্যাং আতঙ্ক
তিনি বলেন, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্ভের কাজ একসঙ্গে চলছে। সার্ভে হলেই প্রকল্পটি একনেকে নিয়ে যাবো। আশা করি নতুন করে অর্থ বরাদ্দ হয়ে যাবে। তখন দ্রুত সময়ের মধ্যেই আমরা অবকাঠামোগত কাজ শুরু করতে পারব।
রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলীর সভাপতিত্বে সভায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. মনসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি
