অভয়নগরে গণপিটুনিতে ’মোটরসাইকেল ছিনতাইকারীর’ মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:৪২

যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনিতে মামুন এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তার নাম রশীদ (৩০)। সে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামের সোবহান বিশ্বাসের ছেলে।

জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলীবাজারে গণপিটুনির এ ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবারের দাবি তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে মোটরসাইকেলের চালক বিদ্যুৎ মণ্ডল জানান, তিনি শনিবার রাতে মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে অভয়নগরের সুন্দলী বাজার এলাকায় পৌঁছালে ওই তিন যাত্রী মোটরসাইকেল থামাতে বলেন। মোটরসাইকেল থামানোর পর তিন যাত্রীর একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে চলে যেতে বলেন। এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে এবং একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিতে থাকে। এ সময় অপর দুইজন পালিয়ে যায়।'

সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, মোটরসাইকেল ছিনতাইকালে একজন ছিনতাইকারী গনপিটুনিতে মারা গেছেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে।

নিহতের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় এক বছর হয় তাদের বিয়ে হয়েছে। উভয়ের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় তারা উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী ছিনতাইকারী নয়। তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: রামেক হাসপাতালে দ্বিগুণ হচ্ছে আইসিইউ বেড

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মামুন রশীদ নামের এক যুবকের মৃত হয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু