গোদাগাড়ীতে নারীর কান ছিড়ে নিলো প্রতিপক্ষরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

রাজশাহীর গোদাগাড়ীতে ইতি বেগম (৩৫) নামে এক নারীর কান ছিড়ে নিয়েছে প্রতিপক্ষরা। রবিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ওই নারীর ওপর হামলা চালিয়ে তার কান ছিড়ে নেয়। এ সময় তার ছেলে হৃদয় হোসেন (২০) এবং মেয়ে নিশা খাতুনকেও (১৫) পিটিয়ে আহত করা হয়। 

উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ইতি বেগমের স্বামীর নাম রফিকুল ইসলাম। ঘটনার পর আহত অবস্থায় ইতি এবং তার ছেলে হৃদয়কে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নিশা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন। তারা জানান, সকালে বসতবাড়ির পাশ দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে যাওয়া নিয়ে প্রতিবেশী বাবলুর সঙ্গে ইতির কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বাবলু, তার ছেলে ইমন, ভাতিজা শাওয়াল, আবদুল হাকিম ও আফজাল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ইতি বেগম ও তার দুই সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে ইতি বেগমের সোনার দুল ধরে টান দিলে তার কান ছিড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: এসিতে আটকে পড়া প্রিয় বিড়াল উদ্ধারের পর কাঁদলেন গৃহিনী

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাদের জানানো হয়েছে। আগে আহতদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু