টাঙ্গাইলে তিনটি আসনে আ. লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ৩টি আসনে মহাজোটের শরিক দলের ৩ জন প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তাদের কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয়ও ঘোষণা করেন তারা। এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হায়দার আওয়ামী লীগে যোগদান করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে প্রার্থিতা প্রত্যাহার ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে ১৪ দলের শরিক দল তরিকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকী ও টাঙ্গাইল-৬ মির্জাপুর আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী আনোয়ার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার সমর্থন জানান।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন এমপি,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা চায়না, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।