ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৮

কৃষকের মাথায় হাত

ভোলা (উত্তর) প্রতিনিধি

তিন দিনের টানা বৃষ্টিতে ভোলায় চলতি মৌসুমের আলুশস্যের খেত অনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে। স্বপ্নের ফলন আলুর বীজ নষ্ট হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে এবং এবারও তারা ক্ষতির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ভোলা সদর উপজেলার ইলিশা, শিবপুর, ধনিয়া, ভেলুমিয়া, চরসামাইয়াসহ বিভিন্ন এলাকায় তিন দিনের টানা বৃষ্টিতে মাঠের আলুর ফসল ডুবে রয়েছে। পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। তবে কিছু কৃষক নিজ উদ্যোগে সেচ বাঁধ দিয়ে পানি সরাচ্ছে।

স্থানীয় কৃষক ফজলু, আলমগীর, হাসেম, ইমাম ও হোসেন মিয়াসহ অনেকে জানান, এ বছর এনজিও থেকে টাকা ধার-দেনা ও ঋণ করে জমিতে আলু চাষ করেছেন। কিন্তু গত দুই বছরের মতো এবারও টানা তিন দিনের বৃষ্টির পানিতে পুরো ফসলের মাঠ পানিতে ডুবে গেছে। কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা এতো ক্ষতির মুখে পড়লেও আজ পর্যন্ত কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকে কখনো দেখিনি।  ইলিশা ৫ নম্বর ওয়ার্ডের আলু চাষি রজব আলী, নুরুল ইসলাম বলেন, আমরা আজ তিন বছর এখানে আলু চাষ করি। কখনো কৃষি অফিসের কাউকে দেখিনি।  ঐ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম চন্দ্র কুন্ডু জানান, তিনি সদরে থাকেন। ক্ষতিগ্রস্ত আলুর খেতগুলো পরিদর্শনে যাবেন। জেলা কৃষি বিভাগের উপপরিচালক বিনয় দেবনাথ জানান, তিন দিনের বৃষ্টির পানিতে কৃষকের কিছু আলুর ফলন ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু চাষিদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে মাঠ কর্মকর্তাদের ব্যাপারে তিনি বলেন, ওরা ঠিকমত মাঠে যায় কি না সে ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখব।